কুমিল্লা মহানগরীতে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আগেই বহুতল ভবনগুলোতে চলছে ব্যাংক, ব্যবসা-বাণিজ্য, বাসা-বাড়ি অর্থাত্ বসবাস। এতে ভবন নির্মাণ অধ্যাদেশ চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। দিন দিন এই অনিয়ম বেড়ে চললেও নীরব কুমিল্লা সিটি করপোরেশন। এসব অসম্পূর্ণ ভবনগুলোর পাশে অনেকেই গাড়ি পার্ক করে রাখে। সম্মুখস্থ সড়কেও চলাচল করছে যানবাহন, পথচারী। ফলে দুর্ঘটনা বা ঝুঁকির আশঙ্কা থাকছেই। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সফিকুল ইসলাম ভূইয়া জানান, একটি ভবন নির্মাণের জন্য প্লান পাশের পর নির্মাণকাজ শেষে ইঞ্জিনিয়ারিং শাখা থেকে প্লান অনুযায়ী ভবনটি নির্মিত হয়েছে কি না এ ব্যাপারে ছাড়পত্র দেওয়ার পর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ থেকেও ভবনটিতে বসবাস বা ব্যবসা পরিচালনার ছাড়পত্র নিতে হয়। অনিয়ম থাকলে এজন্য আমরা সংশ্লিষ্ট ভবন মালিকদের নোটিশ প্রদান করি। আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকায় ব্যবস্থা নিতে পারি না। তবে ভবন নির্মাণ শেষ হওয়ার আগে কোনোভাবেই সেটাতে বসবাস বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, অসম্পূর্ণ ভবনে বসবাস বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আইনে জেল-জরিমানাসহ মালামাল জব্দের নিয়ম থাকলেও সেটা মানা হচ্ছে না। পরিশেষে, অসম্পূর্ণ ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মামশাদ কবীর
কান্দিরপাড়, কুমিল্লা
