করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশ্বের লক্ষাধিক মানুষ। সংক্রমিত রোগ হওয়ায় বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোও হিমশিম খাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে। ভ্যাকসিন আবিষ্কারেও কাজ করে যাচ্ছে বিশ্বের বড় বড় চিকিত্সা প্রতিষ্ঠান। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে নির্দেশনা জারি করা হয়েছে মাস্ক ও হ্যান্ড গাভস ব্যবহারের। কিন্তু লক্ষ করলে দেখা যাবে—ব্যবহূত মাস্ক ও হ্যান্ডগাভসগুলো পড়ে থাকে রাস্তায়, বাজারে কিংবা দোকানপাটের আশেপাশে। এসব ব্যবহূত জিনিস ফেলার জন্য নির্দিষ্ট জায়গা বা ডাস্টবিন থাকলেও তা ফেলা হচ্ছে যত্রতত্র। যার ফলে মানুষকে পড়তে হচ্ছে স্বাস্থ্যঝুঁকিতে, পরিবেশ হচ্ছে দূষিত। বিষয়টির প্রতি লক্ষ্য রেখে, সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
মো. আবদুর রহমান
শিক্ষার্থী, দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
