রূপগঞ্জে সড়কে বিদ্যুতের খুঁটি রেখে চলছে নির্মাণকাজ

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:০১

রূপগঞ্জ উপজেলা সদর কমপ্লেক্স এলাকার আরএইচডি থেকে বিএডিসি অফিস হয়ে পাবলিক হেল্থ অফিস সড়কে ও মঠেরঘাট থেকে উপজেলা পশু হাসপাতাল সড়কের মধ্যখানে পাঁচটি খুঁটি রয়েছে। নারায়ণগঞ্জ এলজিইডির এ সড়ক নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান খুঁটিগুলো এভাবে রেখেই নির্মাণকাজ করে যাচ্ছে। তাতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। যাত্রীদের দুর্ভোগ ক্রমাগত বেড়েই চলছে। সরেজমিনে দেখা গেছে, সড়ক দুইটিতে থাকা পাঁচটি বিদ্যুতের খুঁটির কারণে উপজেলা কমপ্লেক্সে যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। খুঁটিগুলো স্থানান্তরের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলেও প্রতিকার মেলেনি। ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীকের সুপারিশ সংবলিত আবেদনপত্র জমা দিয়েছেন। প্রায় দুই মাস অতিবাহিত হলেও মন্ত্রীর সুপারিশকে উপেক্ষা করে পল্লী বিদ্যুত্ সমিতি খুঁটিগুলো স্থানান্তরের উদ্যোগ না নেওয়ায় স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে উপায়ন্তর না দেখে সড়কের মধ্যখানে খুঁটি রেখেই ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।

 এছাড়াও রূপগঞ্জ-ইউসুফগঞ্জ সড়কে তিনটি, তারাবো পৌরসভার দেবই-কাহিনা সড়কে দুইটি, শান্তিনগর-নার্সিংগল সড়কে একটিসহ উপজেলার বিভিন্ন স্থানে সড়কের মধ্যখানে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি রয়েছে। কোথাও রাস্তার মধ্যখানে। আবার কোথাও বা পাশে থাকা খুঁটি রাস্তার ওপরে হেলে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আসিফ অ্যান্ড ব্রাদার্সের মালিক আবুল কামাল আজাদ বলেন, জনস্বার্থে খুঁটি সরানোর জন্য গত ছয় মাস ধরে বহু আবেদন-নিবেদন, দেন-দরবার করে ব্যর্থ হয়ে সড়কের নির্মাণকাজ চলছে। প্রকল্পের প্রাক্কলনে খুঁটি সরানোর ব্যয় ধরা হয়নি। সে কারণে পল্লি বিদ্যুেক খুঁটি সরানোর ব্যয়ের টাকা প্রদান করা যাচ্ছে না। যা নারায়ণগঞ্জ এলজিইডি পল্লী বিদ্যুত্ সমিতিকে অবহিত করেছে। আগামী ১৫ দিনের মধ্যে সরানো না হলে খুঁটিগুলো সড়কের মধ্যখানে রেখেই নির্মাণকাজ শেষ করা হবে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, বস্ত্র ও পাটমন্ত্রীর সুপারিশ সংবলিত আবেদনপত্র পেয়েছি। এ ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই। অনুমোদনের জন্য আবেদনপত্র পল্লি বিদ্যুতের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। শিগিগরই খুঁটিগুলো সরানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।