মহানগরীর ভোগড়া বাইপাস বাজার এলাকায় নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এ অভিযানের নেতৃত্ব দেন। গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের বাপ্পি স্টোরকে ৪ হাজার টাকা, সোহাগ স্টোরকে ৫ হাজার টাকা, ভোলানাথ স্টোরকে ৪ হাজার টাকা, রায়হান স্টোরকে ১ হাজার টাকা, মিজান স্টোরকে ১৫ হাজার টাকা, আতাউর স্টোরকে ৪ হাজার টাকা, আকাশ স্টোরকে ৪ হাজার টাকাসহ সাতটি দোকান মালিককে সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা এবং আনুমানিক তিন টন নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
