দক্ষিণ সুদানের ওয়াও সুপার ক্যাম্পে ব্যানব্যাট-৩-এর শান্তিরক্ষীদের গত এক বছরের শান্তিরক্ষা কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ‘জাতিসংঘ মেডেল’ প্রদান প্যারেড গত ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের (আনমিস) প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডেভিড শিয়েরার প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন করেন। তিনি ১৯ জন নারী শান্তিরক্ষীসহ ৮৬১ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে তাদের গত এক বছরের অসামান্য কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জাতিসংঘ মেডেল পরিয়ে দেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় সব প্রতিকূলতা অতিক্রম করে ব্যানব্যাট-৩-এর অনন্য সাধারণ অবদানের জন্য অভিনন্দন জানান এবং ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেসের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদক প্রদানের ঘোষণা করছি। আপনারা জাতিগত সংঘাতপূর্ণ টঞ্জ, ম্যাপেল ও কজেনা এলাকায় অনেক নিরপরাধ জনগণ বিশেষ করে নারী ও শিশুদের জীবন বাঁচিয়েছেন। করোনা মহামারির মধ্যেও দায়িত্ব পালনে আপনাদের অবিরাম প্রচেষ্টা ও কর্মতত্পরতা আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। এছাড়াও তিনি ব্যানব্যাটের সঙ্গে সংযুক্ত ফিমেল এনগেইজমেন্ট টিমের অসাধারণ কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ব্যানব্যাট-৩-এর নারী শান্তিরক্ষীগণ দক্ষিণ সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। —আইএসপিআর
