সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে ‘শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত নড়াইলের কিশোর সাদাত রহমানকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সাদাতকে নড়াইল পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান, সদর থানার ওসি ইলিয়াছ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বিদ্যুত্ বিহারী নাথ, সাদাত রহমান, সাদাতের পিতা মো. শাখায়াত্ হোসেন প্রমুখ।
সাদাত রহমান তার প্রতিক্রিয়ায় জানায়, আমি একজন কিশোর হয়েও পুলিশ সুপার জসিম উদ্দিন মহোদয়ের কাছে সাইবার অপরাধ দমনের ব্যাপারে বিভিন্ন সময় গিয়েছি। কিন্তু তিনি কখনো বিরক্ত বোধ করেননি। বরং তিনি এ কাজে যথেষ্ট পরামর্শ এবং সাহায্য-সহযোগিতা করেছেন। তার এই সহযোগিতা না পেলে হয়তো এত দূর আসতে পারতাম না।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, সাদাতের কাজে আমি সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। সেও অপরাধীকে ধরার সময় ঝুঁকি নিয়ে পাশে থেকে সহযোগিতা করেছে।
