কমিউনিস্ট পার্টির (সিপিবির) বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আইনজীবী এস এম রেজাউল করিম (৬৪) আর নেই। গত বুধবার বাগেরহাট শহরের সরুই এলাকার ভাড়া বাড়িতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে হূদরোগসহ নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী ছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে সিপিবি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ওয়ার্কার্স পার্টি, আওয়ামী লীগ ও যুবলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন জজ কোর্টের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের পুরাতন কোর্ট চত্বরের সিপিবি কার্যালয়ের সামনে কমরেড রেজাউলের মরদেহ রাখা হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
