চলে গেলেন ‘দরিদ্রের কণ্ঠস্বর’ হিসেবে খ্যাতি পাওয়া বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস ডি উলফেনসন। ৮৬ বছর বয়সে মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনে মারা যান তিনি। উলফেনসন ছিলেন এমন একজন বিনিয়োগ ব্যাংকার, যিনি এক দশক ধরে বিশ্বব্যাংকের সবচেয়ে দরিদ্রতম দেশগুলোর ঋণ মওকুফে কাজ করেছেন। তাকে ‘হিরো টু দ্য ওয়ার্ল্ডস পুওর’ বলা হয়। সলোম্যান ব্রাদার্সের সাবেক অংশীদার উলফেনসন ১৯৯৫ সালের মে থেকে ২০০৫ সালে জুন পর্যন্ত দুই মেয়াদে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
ব্লুমবার্গের খবর অনুযায়ী, ১৯৮০ সালের দিকে উলফেনসন ভালো চাকরির আশায় অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করে মার্কিন নাগরিত্ব গ্রহণ করেন। উলফেনসন তৃতীয় ব্যক্তি যিনি দুই মেয়াদে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে ছিলেন। এর আগে ম্যাকনামারা এবং ইউজেন ব্লাক দুই মেয়াদে এই পদে ছিলেন।
দরিদ্র দেশগুলোর জন্য তার বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে মিলে ১৯৯৯ সালে একটি উদ্যোগ নেন যার ফলে বিশ্বের ২৭টি দরিদ্র দেশের ৫৭ বিলিয়ন ডলার (৪ লাখ ৮৪ হাজার কোটি টাকা) ঋণ মওকুফ করা হয়।
উলফেনসন তার জীবনের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। ১৯৫৭ সালে হার্ভার্ড বিজনেস স্কুলে পড়াশোনা করেন। সেখান থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করেন। বিশ্বব্যাংকের নবম প্রেসিডেন্ট ছিলেন তিনি। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ সফরেও এসেছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মালপাস। শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, ‘উলফেনসন দারিদ্র্য দূর করতে এবং দুর্নীতি রোধে সচেষ্ট ছিলেন, সবসময় গরিবদের পক্ষে কথা বলেছেন।’
