মুকসুদপুরে সোমবারের সংঘর্ষের ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:২৯

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে গত সোমবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে কালাম শেখ (২৫), দাসেরকান্দী গ্রামের মোসলেস ফকিরের ছেলে কালাই ফকির (৪৫) ও  শ্রীযুতপুর গ্রামের করিম মোল্লার ছেলে সাহিদ মোল্যা (৪০)। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার সকালে শ্রীযুতপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। গুরুতর আহত কালাম শেখকে (২৫) ঐ দিন রাজৈর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় আহত কালাই ফকির ও সাহিদ মোল্যাসহ তিন জনকে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর গত বুধবার বিকালে কালাই ফকির (৪৫) ও রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাহিদ মোল্যার (৪০) মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ওসি আবু বকর মিয়া জানান, উপজেলার রাঘদী ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।