অমানবিক!

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:২৯

গৌরনদীতে নানাবাড়িতে আশ্রিত থাকা পাঁচ বছরের এক কন্যাশিশুর গোপনাঙ্গ গরম খুন্তি দিয়ে ঝলসে দিয়েছে শাহনাজ বেগম (৩৪) নামের এক নারী। ঐ নারী সম্পর্কে তার মামি। এ ঘটনায় পুলিশ শাহনাজ বেগমকে গ্রেফতার করেছে। শাহনাজ উত্তর বিজয়পুর গ্রামের গ্রিল মিস্ত্রি রমজান সরদারের স্ত্রী।

জানা গেছে, দুই শিশুর মারামারির ঘটনাকে কেন্দ্র করে শাহনাজ এ ঘটনা ঘটায়। ঘটনার পর থেকে দগ্ধ শিশুটিকে নিয়ে পালিয়ে যায় ঐ পরিবার। শনিবার বিকালে এ ঘটনা ঘটলেও তা জানাজানি হয় গত বুধবার। শিশুর বাবা সফিকুল ইসলাম বুধবার সন্ধ্যায় শাহনাজ বেগমকে অভিযুক্ত করে গৌরনদী মডেল থানায় অভিযোগ করলে পুলিশ উপজেলার কলাবাড়িয়া গ্রামে শিশুটিকে নিয়ে আত্মগোপনে থাকা শাহনাজ বেগমকে গ্রেফতার করে এবং আহত শিশুটিকে উদ্ধার করে। তিন বছর পূর্বে শিশুটির বাবার সঙ্গে মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে সে নানাবাড়িতে মায়ের সঙ্গে বসবাস করছিল।

গৌরনদী মডেল থানার পরিদর্শক মো. আফজাল হোসেন জানান, সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত শাহনাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। শাহনাজ শিশুটিকে নির্যাতনের কথা স্বীকার করেছে।