ফুলবাড়ীতে নেশার টাকা না পেয়ে সুবাস মহন্ত (২৮) নামের এক ব্যক্তি ২২ দিনের শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর আলাদিপুর ইউনিয়নের বারাই গ্রামে। এ ঘটনায় সুবাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। সুবাস বারাই গ্রামের সুনিল মহন্তের ছেলে।
প্রতিবেশী চন্দ্র মহন্ত ও নন্দ মহন্ত জানান, সুবাস গত দুই বছর আগে বিরামপুরের ইসলামপুরের অনামিকাকে বিয়ে করেন। বিয়ের আগে থেকেই মাদকাসক্ত হওয়ায় কোনো কাজকর্ম করতেন না সুবাস। নেশার টাকার জন্য নানা সময়ে স্ত্রীকে মারধর করতেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সুবাস ঘর থেকে বের হয়ে চিত্কার করে বলতে শুরু করেন ‘আমি আমার ছেলেকে কেটে ফেলেছি।’ সুবাসের চিত্কার শুনে প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে ঘরের টিন খুলে ভেতর থেকে শিশুটির ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। বিক্ষুব্ধ গ্রামবাসী সুবাসকে আটক করে পুলিশে খবর দেয়।
অনামিকা বলেন, সকাল ৭টার দিকে সুবাস আমার কাছ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। সেখানে তিনি ছেলেটাকে বটি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, নবজাতকের মরদেহ উদ্ধারসহ ঘাতক সুবাসকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুবাসকে আদালতে সোপর্দ করা হয়েছে।
