২২ দিনে পাঁচ শতাধিক মৃত্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:৩৪

দেশে করোনা ভাইরাসে গত ২২ দিনে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়াল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৫২৪ জন। এ সময় আরো ২ হাজার ২৯২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ২৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৭ হাজার ৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৭ লাখ ১৩ হাজার ২০২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৫ জন পুরুষ আর নারী ১২ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে ২৯ জন ঢাকা বিভাগের, তিন জন করে মোট ছয় জন চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের এবং দুই জন রংপুর বিভাগের বাসিন্দা।  দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৬ হাজার ৫২৪ জনের মধ্যে ৫ হাজার সাত জনই পুরুষ এবং ১ হাজার ৫১৭ জন নারী। এর মধ্যে ৩ হাজার ৪৫৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। আর ৩১ জনের বয়স ছিল ১০ বছরের কম। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৪৭৭ জন ঢাকা বিভাগের এবং সর্বনিম্ন ১৩২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।