পুলিশকে সহায়তা করায় রমেক হাসপাতালের পরিচালক অবরুদ্ধ

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:৩৮

রংপুুুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ৪র্থ শ্রেণির চার কর্মচারীকে গ্রেফতারে পুলিশকে সহায়তার অভিযোগ তুলে ভারপ্রাপ্ত পরিচালককে অবরুদ্ধ করে বরখাস্তকৃত নেতাসহ তার দালালেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত পরিচালক ডা. রোস্তম আলীকে প্রায় এক ঘণ্টা তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তিনি অফিস থেকে বেরিয়ে হাসপাতালের কোয়ার্টারে গেলেও নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে যেতে পারছেন না। তার গাড়ি এবং চালককে আটকে রেখেছে কর্মচারীরা?।

সূত্র জানায়, হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারী আলামিন, মোকছেদুল ইসলাম, বাদল মিয়া ও আশরাফুল ইসলাম সনদ দেওয়ার কথা বলে বুধবার দুপুরে ৬ হাজার টাকা দাবি করেন এক রোগীর কাছে। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ ঐ চার জনকে দালাল হিসেবে চিহ্নিত করে আটকের পর পরিচালকের কার্যালয়ে নিয়ে যায়। এ সময় পরিচালক অপরাধী হলে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে বলেন। পুলিশ ঐ চার জনকে নিয়ে যেতে ধরলে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক (হাসপাতাল থেকে বরখাস্তকৃত) আশিকুর রহমান নয়নের নেতৃত্বে তাদেরকে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে পুলিশ তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। কর্মচারীদের পক্ষে কথা না বলায় এবং পুলিশকে সহায়তা করায় গতকাল বৃহস্পতিবার কর্মচারীরা পরিচালককে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। 

এ বিষয়ে ভারপ্রাপ্ত পরিচালক ডা. রোস্তম আলী বলেন, গতকাল বৃহস্পতিবার কাজ শেষে নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কর্মচারীরা আমার গাড়ি ও চালককে আটকে রেখেছে।