আওয়ামীপন্থি শিক্ষকদের পালটাপালটি কর্মসূচিতে সরগরম রাবি

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:৩৮

আওয়ামীপন্থি শিক্ষকদের পালটাপালটি কর্মসূচিতে করোনা পরিস্থিতিতেও সরগরম হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সফর উপলক্ষ্যে প্রায় দুই সপ্তাহ উভয়পক্ষ নমনীয় থাকলেও ফের পরস্পরের বিরুদ্ধে পালটাপালটি কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির আওয়ামীপন্থি শিক্ষকরা। গত ১৪ ও ১৫ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী সফর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বর্তমান উপাচার্য প্রফেসর আব্দুস সোবহানের অনুসারী বলে পরিচিত শিক্ষকরা ‘শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলক’ নির্মাণে দুর্নীতি ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অবমাননায় জড়িত ‘দুর্নীতিবাজ’ শিক্ষকদের চাকরি থেকে বহিষ্কারসহ বিচারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ক্যাম্পাসের প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে শহিদ বুদ্ধিজীবী চত্বরের সামনে আয়োজিত মানববন্ধন শেষে ভাস্কর্য তৈরিতে জড়িতদের শাস্তির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করা হয়। এ কর্মসূচিতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুত্ফর রহমান, পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক এফ এম হায়দার, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক রবিউল ইসলাম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক রওশন জাহিদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. শামীম হোসেন, সহকারী প্রক্টর হুমায়ুন কবীর প্রমুখ।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের উপাচার্যবিরোধী অংশ বর্তমান উপাচার্যের বিরুদ্ধে শর্ত শিথিল করে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার দুপুরে ডিনস কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে রাবি মেডিক্যাল সেন্টারসহ কয়েকটি বিভাগে শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়েও প্রশ্ন তোলেন তারা। অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু, অধ্যাপক সফিকুন্নবী সামাদী ও অধ্যাপক একরাম উল্লাহ প্রমুখ এতে বক্তব্য দেন।