গোল্ডেন মনিরের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০০:০৪

বিপুল অর্থ, অস্ত্র-মদ ও সোনাসহ গ্রেফতার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। মনির ও তার স্ত্রী রওশন আক্তারের অবৈধ সম্পদের অনুসন্ধানে বৃহস্পতিবার তাদেরকে নোটিশ পাঠানো হয় বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

দুদক পরিচালক আকতার হোসেন আজাদের স্বাক্ষরে পাঠানো নোটিশে তাদের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উত্স ও অর্জনের বিস্তারিত বিবরণী জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে। এছাড়া আট বছর আগে মনিরের অবৈধভাবে অর্জিত ১ কোটি ৬১ লাখ টাকার সম্পদ মা ও স্ত্রীর নামে দেওয়ার অভিযোগে একটি মামলাও করেছে দুদক। এই মামলার তদন্ত এখনো শেষ হয়নি।