মশক নিধন কাজে ব্যবহূত জ্বালানি বিক্রির দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর ৩ নম্বর ওয়ার্ডের মশক সুপারভাইজার মো. রফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মশক সুপারভাইজার মো. রফিকুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত ছিলেন।
অন্যদিকে বয়সসীমা অতিক্রম হওয়ায় ডিএসসিসির সাধারণ প্রশাসন শাখা, পরিবহন বিভাগ ও স্বাস্থ্য বিভাগে মাস্টাররোলে কর্মরত পাঁচ কর্মীকে কর্মচ্যুত করা হয়েছে। তারা হলেন, সাধারণ প্রশাসনের শাখার স্কেলভুক্ত সুইপার মো. নুরুল হক ও মো. জালাল, পরিবহন বিভাগের স্কেলভুক্ত ভলকানাইজিং অপারেটর আ. বারেক, অঞ্চল-৩-এ সরকারি স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী গীতা রানী রাজবংশী ও অঞ্চল-৪-এর রোকনপুর দাতব্য চিকিত্সালয়ের স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী সাহেরা খাতুন।
