জঙ্গিবাদ রুখে দেওয়ার ডাক সম্মিলিত সামাজিক আন্দোলনের

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০০:০৬

সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ রুখে দেওয়ার ডাক দিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় জঙ্গিবাদীদের তত্পরতা বেড়ে গেছে বলে সংগঠনটি উল্লেখ করেছে। তারা বলেছে, দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও অগ্রযাত্রার বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির ঢাকার নেতৃবৃন্দের এক সভায় এ আন্দোলনের ডাক দেওয়া হয়।

সভায় বলা হয়, ‘দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসনের কিছু কার্যকর উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সম্প্রতি আমাদের মহান মুক্তিযুদ্ধের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে চিহ্নিত মহলের মনগড়া বক্তব্য ও হুমকি প্রদর্শন দেশে নতুন করে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদী তত্পরতার পটভূমি তৈরি করছে বলে মনে হচ্ছে। আমরা এই ধর্মান্ধ অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ ইতিপূর্বে জঙ্গিবাদীরা একযোগে সারা দেশে বোমা হামলা করে মানুষ হত্যা, আতঙ্ক তৈরি করে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল। তারা দেশকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই। সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের পরিচালনায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, ডা. সারওয়ার আলী, ড. অধ্যাপক আজিজুর রহমান, অ্যাডভোকেট এস এম এ সবুর প্রমুখ।