বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখালে জবাব দেবে ছাত্রলীগ :সভাপতি

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০০:০৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে আর কোনো প্রকার ধৃষ্টতা দেখালে দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন। ‘উগ্র সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের নাশকতা, জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমরা যদি মাঠে নামি তাহলে আপনারা কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগও পাবেন না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ফের ধৃষ্টতা দেখালে উপযুক্ত জবাব পাবেন। সারা দেশ ৫ মিনিটে অচল করে দেওয়ার ক্ষমতা ছাত্রলীগের আছে।’ জয় আরো বলেন, ‘জাতির পিতাকে নিয়ে দেশবিরোধী কুচক্রী মহল, যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে, তারা আবার ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘যারা সাম্প্রদায়িকতার বীজ এই দেশে ছড়িয়ে দিতে চায়, তারা দেশদ্রোহিতার শামিল বলে বিবেচিত হবে। তাদেরকে ভুলে গেলে চলবে না, এদেশে দেশদ্রোহীদের ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। এ সময় তিনি মামুনুল হকদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘দেশের ছাত্রসমাজ মৌলবাদীদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত রয়েছে। লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান হূদয়, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন কেন্দ ীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার, মাজহারুল ইসলাম শামীমসহ আরো অনেক নেতাকর্মী।