কালীগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০০:০৭

কালীগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে আরো সাত জন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

কালীগঞ্জ (লালমনিরহাট) : কালীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে মা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। গতকাল লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার চৌধুরীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন উপজেলার দক্ষিণ ভোটমারি ইউনিয়নের শৌলমারি গ্রামের অটোচালক বদিউজ্জমানের স্ত্রী মনজিলা বেগম (৩০) ও কোলে থাকা শিশুপুত্র সাজু মিয়া (৩)। 

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। গত বুধবার উপজেলার রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন আক্তার হোসেন (৫০), রমজান (৬০) ও শহিদুল্লাহ (৩০)। তাদের বাড়ি জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামে।

জামালপুর : মোটরসাইকেল থেকে পড়ে সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার শরীফপুর এলাকায় পৌঁছিলে তিনি মোটরসাইকেলের পিছন থেকে পড়ে যান। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার বাসিন্দা।

ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইল-গোপালপুর মহাসড়কের পিকআপ উলটে এক নির্মাণশ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল  ঘাটাইল উপজেলার শান্তানগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুরান আলী (৪০) গোপালপুর উপজেলার খাসসুতি গ্রামের বাসিন্দা।

সুজানগর (পাবনা) : সুজানগরে ইঞ্জিনচালিত ভ্যানের চাপায় সাফিউল ইসলাম সাফি (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সুজানগর পৌর শহরের হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাফি হাসপাতাল পাড়ার মামুন হোসেন ওরফে বাকীর ছেলে।

গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপা-পটুয়াখালী সড়কের আমখোলা এলাকায় গতকাল বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাদা সুমন আকাশ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ইজিবাইকের অন্য যাত্রী আল আমিন গুরুতর অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আকাশ কালিকাপুর ইউনিয়নের পূর্ব শারিকখালী গ্রামের মো. কবির হোসেন চৌকিদারের ছেলে।