চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা প্রাণনাশের হুমকি

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০০:১০

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এক ব্যক্তির বাউন্ডারি ওয়াল ভেঙে জমি দখলের চেষ্টা করেছে এবং অব্যাহতভাবে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে—এ অভিযোগ করেছেন গাজীপুর মহানগরীর পূবাইল থানার সমরসিং এলাকার মো. লাল মিয়া।  সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে ও জীবনের নিরাপত্তা চেয়ে গত ১৮ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন এই বয়োবৃদ্ধ ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, লাল মিয়া সমরসিং পূবাইল থানার এলাকায় সাত বিঘা জমি ক্রয় করে চারদিকে বাউন্ডারি ওয়াল নির্মাণপূর্বক ভোগ দখল করে আসছেন। ক্রয়কৃত উক্ত জমি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বন্ধক রেখে তিনি ব্যবসার জন্য ঋণ নেন। জমি বিক্রি করে ঋণ পরিশোধের জন্য তিনি ৫০ কাঠা জমি ব্যাংকের সহযোগিতায় রেজিস্ট্রি করে দেন এবং ৫০ কাঠা জমি বায়না করে দেন। এ খবর পেয়ে ঐ এলাকার স্থানীয় কিছু সন্ত্রাসী তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত ১৩ নভেম্বর সকালে সন্ত্রাসীরা বাউন্ডারি ওয়াল ভেঙে তার জমি দখলের চেষ্টা করে। এরপর থেকে তারা অব্যাহতভাবে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।