সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুবাই থেকে তেল আবিবের মধ্যে সরাসরি এ ফ্লাইট চালু করেছে ‘ফ্লাইদুবাই’ এয়ারলাইন।
দুবাইভিত্তিক বিমানটি দৈনিক দুইবার তেল আবিব রুটে চলাচল করবে। ইসরাইলি এয়ারলাইন এল আল এবং ইসরেয়ার উভয়ই জানিয়েছে, তারা আগামী মাস থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে পারে। এছাড়া আবুধাবিকেন্দ্রিক ইতিহাদ এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, তারা ২০২১ সালের মার্চে তেলআবিবগামী ফ্লাইট শুরু করবে।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে সই করে ইসরাইল ও আমিরাত। করোনা ভাইরাস মহামারির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সম্পর্কোন্নয়ন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস ইসরাইল ও আমিরাত কর্তৃপক্ষের। এবারের শীত মৌসুমে দুবাইয়ে ইসরাইলি পর্যটকের ঢল নামবে বলে আশা করছে তারা।
চলতি মাসের শুরুর দিকে আমিরাত-ইসরাইলের মধ্যে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়ার সময় ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী গাইথ আল-গাইথ বলেছিলেন, ‘নির্ধারিত ফ্লাইটগুলো শুরু হলে তা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং বিনিয়োগের আরো সুযোগ তৈরি করবে।’
ইত্তেফাক/টিআর
