তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সীমান্তবর্তী নওগাঁ এলাকার করতোয়া নদী এখন পাখিদের অভয়াশ্রম। দলে দলে বালিহাঁস পানিতে সাঁতার কাটছে। গাছের ডালে বসে আছে ছোট পানকৌড়ি, বড় পানকৌড়ি, সাদা বক, ধূসর বক ও মাছরাঙ্গা। প্রতি বছরের মতো এবারও করতোয়া নদীতে এসেছে অসংখ্য পাখি। সরেজমিনে দেখা গেছে, ঐ নদীর বৃরায়নগর ব্রিজসংলগ্ন জলাশয়ে হাজারো পাখি। রং-বেরঙের পাখির কলকাকলিতে মুখর জলাশয় এলাকা। স্থানীয় প্রদীপ কুমার, মিলন কুমার জানান, খাবারের লোভে প্রতি বছর শীত মৌসুমে ঝাঁকে ঝাঁকে পাখি চলনবিল এলাকায় আসে। কিন্তু বর্ষার পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা জড়ো হতে থাকে করতোয়া নদীতে। বালিহাঁস, সাদা বক, ধূসর বক, ছোট পানকৌড়ি, বড় পানকৌড়ি, কাদা খোঁচা, মাছরাঙ্গা, সারসসহ বেশির ভাগ পাখি বছরের বাকিটা সময় সেখানেই থেকে যায়। তারা আরো জানান, স্থানীয়দের নজরদারিতে করতোয়া নদী এখন পাখিদের অভয়াশ্রম। উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, করতোয়া নদীর প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
