কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মনোনয়নপ্রত্যাশী মেয়র প্রার্থীরা ছুটছেন কেন্দ্রসহ নেতা-কর্মী- সমর্থকদের দুয়ারে দুয়ারে। কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন সংক্রান্ত প্রকাশিত গণ-বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর। এই নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন—বর্তমান মেয়র আব্দুল জলিল, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান সাজু, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুত্ফর রহমান বকসী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান মুমিন দলীয় মনোনয়ন পেতে চেষ্টা চালানোর পাশাপাশি জনসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল মনোনয়ন দৌড়ে রয়েছেন। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মনজু জানান, তারা চারটি নাম ঢাকায় পাঠাবেন। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই কাজ করবে। এদিকে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌর নির্বাচনে দলের প্রার্থী নির্বাচন করতে মঙ্গলবার কুড়িগ্রাম জেলা পরিষদ হল রুমে পৌর কমিটির এক বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। এসময় গোপন ব্যালটের মাধ্যমে ৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোস্তাফিজার রহমান সাজু ও কাজিউল ইসলামের পক্ষে অধিকাংশ ভোট পড়ে।
