বরিশাল অফিস
মাদক মামলায় বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহামুদ টিপুর ভাই মেহেদী হাসান ওরফে সাহেব সিকদারকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই মামলায় মেহেদীর সহযোগী কালাম ওরফে কালু হাওলাদারকে দুই বছরের কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের দণ্ডাদেশ দেয় আদালত। বৃহস্পতিবার বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মেহেদী হাসান হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাসিন্দা মৃত হাসান মাহামুদ সিকদারের ছেলে এবং কালাম একই এলাকার মৃত জামসেদ হাওলাদারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৮ সালের ১৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নরসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় মেহেদী ও তার সহযোগী কালামকে আটক করে পুলিশ। আটক মেহেদীর শরীর তল্লাশি করে ৩০০ পিস এবং কালামের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঐ রাতেই হিজলা থানার এসআই ওবায়েদুল হক বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ২ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন ঐ তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ঐ দুজনকে কারাদণ্ড এবং অন্য আসামি রিয়াজুল ইসলামকে খালাস দেন বিচারক।
