ডা. মিলন দিবস পালিত
ইত্তেফাক রিপোর্ট
দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার অঙ্গীকারের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় গতকাল শুক্রবার ডা. শামসুল আলম খান মিলনের ৩০তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে মিলনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এ উপলক্ষ্যে আলোচনাসভা, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতেরও আয়োজন করা হয়। সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশনায় যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান পবন, মো. মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, মো. বদিউল আলম প্রমুখ।
এছাড়াও শহিদ মিলনের পরিবার, বিএনপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন ও চিকিত্সকদের বিভিন্ন সংগঠন তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া টিএসসির সামনে মিলন স্মৃতি চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন ও চিকিত্সকদের বিভিন্ন সংগঠন শহিদ মিলনের প্রতি শ্রদ্ধা জানান।
