ক্যানভাসে জীবনের দ্যুতি

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:০০

গ্যালারি কায়ায় শিল্পী জামালের চিত্র প্রদর্শনী

ইত্তেফাক রিপোর্ট

উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে একুশে পদকপ্রাপ্ত শিল্পী জামাল আহমেদের একক চিত্র প্রদর্শনী ‘জামাল ২০২০’। করোনাকালের নিউ নরমাল লাইফে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই গতকাল শুক্রবার শুরু হয়েছে এ প্রদর্শনী।

শিল্পী জামালের ক্যানভাসে মানুষ ও প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত অথচ খুবই প্রাঞ্জল হয়ে উঠে এসেছে। প্রদর্শনী জুড়ে গ্রামবাংলার অপরূপ বেশ কিছু চিত্রকর্মের পাশাপাশি আছে জোড়া কবুতর। যাকে শিল্পী অভিহিত করেছেন প্রেমের প্রতীক হিসেবে। আছে জেলে ও জেলেনির জীবন, একাকী নারী, আর্টিস্টের স্টুডিও, রবীন্দ্রনাথ, বেদে জীবন, বাউল ফকির, ছুটন্ত ঘোড়া, পায়রা ও নারী। নারী জামাল আহমেদের ছবির একটি প্রধানতম চরিত্র। তিনি নারীকে একাকী মুহূর্তে খুঁজে নিতে চান। কখনো এলায়িত নারী কিংবা নদীর ধারে একলা বসে থাকা নারী। তার কাজে অভিনবত্ব লক্ষ করা যায়। বিভিন্ন মাধ্যমের অভিনব প্রয়োগ ও সৃষ্টিশীলতার চমত্কার সমন্বয় ঘটিয়ে তিনি দেশের একজন বিশিষ্ট ও জনপ্রিয় শিল্পীতে পরিণত হয়েছেন। তিনি জলরং এবং ড্রইংয়ের মতো দুটি সাদামাটা মাধ্যমকে স্ব-উদ্ভাবিত কিছু কৌশল দিয়ে এমন অসাধারণভাবে উপস্থাপন করেন যা দীর্ঘ পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিকতা ছাড়া কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়।

গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বলেন, জামালের কাজের সবচেয়ে বড় গুণ হচ্ছে বিষয়বস্তু এবং কম্পোজিশনের সারল্য, যার কারণে যে কোনো দর্শকই খুব দ্রুত তার ছবির সঙ্গে একাত্ম হয়ে পড়েন। শিল্পী জামাল আহমেদ জানান, ‘আমি সব সময় ছবিকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যেতে চাই। এ প্রদর্শনীর সব ছবিই খুব সহজভাবে মানুষের কাছে ধরা দেবে। যদি এসব ছবি মানুষকে আলোড়িত করে সেটাই স্বার্থকতা। মিক্সড মিডিয়ায় আঁকা ৫৪টি চিত্রকর্ম দিয়ে প্রদর্শনীটি সাজানো হয়েছে। প্রদর্শনী চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।