গাজীপুরে বাড়িতে আগুন পুড়েছে ২২টি কক্ষ

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:২০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ২২টি কক্ষ। বৃহস্পতিবার রাতে কুদ্দুস নগর এলাকায় বাবুল মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় অন্তত ২২টি কক্ষসহ আসবাবপত্র। কলোনির মালিক বাবুল জানিয়েছেন, আগুনে ২০ থেকে ২২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল হামিদ জানিয়েছেন, তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।