অর্থ পাচার মামলায় জামিন চেয়েছেন এমপি পাপুলের স্ত্রী-মেয়ে ও শ্যালিকা

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

জ্ঞাত আয়বহির্ভূত ও অর্থ পাচারের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন লক্ষ্মীপুরের এমপি সহিদ ইসলাম পাপুলের স্ত্রী, মেয়ে ও শ্যালিকা। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই জামিন আবেদন দাখিল করেন তাদের আইনজীবী। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে আগাম জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য রাখবে দুর্নীতি দমন কমিশন। কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, অর্থ পাচারের মামলায় দুটি আবেদনে তিন জন আগাম জামিন চেয়েছেন। এর মধ্যে পাপুলের স্ত্রী ও মেয়ে একটি আবেদনে এবং তার শ্যালিকা পৃথক আবেদনে আগাম জামিন চেয়েছেন। আমরা দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করে আদালতে শুনানি করব।

গত ১১ নভেম্বর সহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রীসহ চার জনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে দুদক। মামলায় ১৪৮ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এতে এমপি পাপুল, তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের এমপি কাজী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে আসামি করা হয়েছে। মানব ও অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের জুনে লক্ষ্মীপুর-২ আসনের এমপি পাপুলকে গ্রেফতার করে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে সেদেশের কারাগারে আটক রয়েছেন তিনি।