গ্রেফতারকৃত জাহিদ তিন দিনের রিমান্ডে

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:২২

চিফ হুইপের নামে  প্রতারণা

বিশেষ প্রতিনিধি

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহিদ বিন আজীজ। মঙ্গলবার রাতে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম। এ সময় চিফ হুইপের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহারের কাজে ব্যবহূত মোবাইল ফোনসেটও জব্দ করা হয়। জাহিদ বিন আজীজ তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ ব্যাপারে সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ বলেন, প্রকৃতপক্ষে চিফ হুইপ কোনো ফেসবুক আইডি ব্যবহার করেন না। এ ব্যাপারে গত ২৪ নভেম্বর চিফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিমের কাছে হস্তান্তর করা হয়। অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে রায়েরবাজারের তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।