জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গতকাল জুমার নামাজের পর কয়েক শ যুবক ও কিশোর ভাস্কর্যবিরোধী মিছিল করেছে। মিছিলকারীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হকের অনুসারী বলে জানা গেছে। পূর্বানুমতি না নিয়ে বিক্ষোভ মিছিল করায় পুলিশ তাদের বাধা দিলে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি আর ধাক্কাধাক্কিতে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের কয়েক সদস্য সামান্য আহত হন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে মিছিল ছত্রভঙ্গ করে দেন। এ সময় মিছিল থেকে সাত-আট জনকে আটক করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে এ ঘটনায় পল্টন এলাকায় ব্যাপক যানজট ও আতঙ্কের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যানচলাচল স্বাভাবিক হয়।
