দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন পুরুষ আর নারী ৩ জন। আর এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৭৩ জন। গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
গতকাল সকাল ৮টা পর্যন্ত ২০ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ২৭৩ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জন হলো। আর করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৫৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ২২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৬ হাজার ৩৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৭ লাখ ২৯ হাজার ৫৮০টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৪১ থেকে ৫০, ৩১ থেকে ৪০ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রাম, বরিশাল বিভাগের, ২ জন খুলনা বিভাগের, ১ জন রাজশাহীও ১ জন রংপুর বিভাগের বাসিন্দা।
