দিনাজপুরে মোটা চালের দাম কিছুটা কমেছে

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:৩৯

স্টাফ রিপোর্টার দিনাজপুর

ধানের জেলা দিনাজপুরে অস্থিরতা কমতে শুরু করেছে চালের বাজারে। গত কয়েকদিনের ব্যবধানে মোটা চালের দাম কেজি প্রতি কমেছে এক থেকে দুই টাকা। চালের সরবরাহ বেড়ে যাওয়ায় এই দাম আরও কমবে বলে জানিয়েছেন আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা। তবে চিকন চালের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে বাজারে ধানের দাম কমেছে অস্বাভাবিক হারে।

গতকাল বুধবার জেলার প্রধান চালের বাজার বাহাদুর বাজার এনএ মার্কেটে গিয়ে দেখা যায়, প্রতিকেজি গুটি স্বর্ণ চাল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা দরে, সুমন স্বর্ণ ৩২ থেকে ৩৩ টাকা দরে আর বিআর-২৯ চাল বিক্রি হচ্ছে ৩৮ টাকা কেজি দরে। গত কয়েকদিন আগেও প্রতি কেজি গুটি স্বর্ণ বিক্রি হতো ৩৩ থেকে ৩৪ টাকা, সুমন স্বর্ণ বিক্রি হতো ৩৫ থেকে ৩৬ টাকা এবং বিআর-২৯ চাল বিক্রি হতো প্রতিকেজি ৪০ টাকা দরে। খুচরা বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও কমেছে চালের দাম। মার্কেটের চাল ব্যবসায়ী লিয়াকত আলী জানান, পাইকারি বাজারেও গত কয়েকদিনের ব্যবধানে প্রকারভেদে বস্তাপ্রতি (৫০ কেজি) চালের দাম কমেছে ৮০ টাকা থেকে ১০০ টাকা। তিনি জানান, গুটি স্বর্ণ চাল  ১ হাজার ৪শ টাকা থেকে কমে ১ হাজার ৩শ টাকা দরে, সুমন স্বর্ণ চাল ১ হাজার ৫৫০ টাকার স্থলে ১ হাজার ৪৮০ টাকা এবং প্রতিবস্তা বিআর-২৯ চাল ১ হাজার ৯শ টাকার স্থলে ১ হাজার ৮শ টাকায় বিক্রি হচ্ছে।