সাতক্ষীরায় ঘুমন্ত মায়ের কোল থেকে দিনে-দুপুরে ১৫ দিনের শিশু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সদর উপজেলার হাওয়ালখালি গ্রামে এ ঘটনাটি ঘটে। ফাতেমা খাতুন তার নবজাতক পুত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় হয়ে গেছেন। ঘটনাটি জানতে লোকজন ঐ বাড়িতে ভিড় করছে। গ্রামের মানুষের ধারণা, ফুটফুটে শিশুটিকে জ্বিনে নিয়ে গেছে। কবিরাজ বলেছে, তাকে নাকি ফিরিয়ে দিয়ে যাবে। এদিকে, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কলারোয়া উপজেলার সাহাপুর গ্রামের সোহাগ হোসেনের সঙ্গে বিয়ে হয় নানির বাড়িতে আশ্রিতা ফাতেমার। শ্বশুরবাড়িতে কিছুদিন থাকার পর পারিবারিক কলহের কারণে স্বামীকে নিয়ে তাকে ফের আশ্রয় নিতে হয় নানির বাড়িতে। গত ১১ নভেম্বর সাতক্ষীরা শহরের আনোয়ারা ক্লিনিকে জন্ম নেয় তাদের একটি পুত্র সন্তান। নাম রাখা হয় সোহান। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত ২৫ নভেম্বর বুধবার তারা সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসেন। পরদিন বৃহস্পতিবার দুপুরে বাড়ির বারান্দায় ফাতেমা তার সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু ঘুম ভাঙলে দেখেন কে বা কারা শিশুটিকে চুরি করে নিয়ে গেছে।
শিশুটির মা ফাতেমা খাতুন ও বাবা সোহাগ হোসেন বলেন, দুপুরে ঘুম থেকে উঠে দেখি বাচ্চা নেই অনেক খোঁজাখুঁজি করেও এখনো পাওয়া যায়নি। এদিকে, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে।
