দিল্লিতে প্রবেশের অনুমতি পেলেন বিক্ষোভকারী কৃষকরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:৪৩

ভারতে শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে কৃষকদের দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করতেও রাজি হয়েছে সরকার। সরকারের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে মুখর কৃষকরা। গতকাল উত্তর-পশ্চিম দিল্লির বুরারি এলাকায় কৃষকদের যেতে ছাড়পত্র দিয়েছে পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকার

দিল্লি পুলিশের মুখপাত্র ড. এইশ সিংঘন জানিয়েছেন, কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর নিরানকারি মাঠে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের জন্য কৃষকদের অনুমতি দেওয়া হয়েছে। তিনি শান্তি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সিংঘু ও টিকরি সীমানা দিয়ে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। প্রতিহত করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করে পুলিশ। সিংঘু সীমানায় পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি আয়ত্তে আনতে পালটা মৃদু লাঠিচার্জও করে পুলিশ। গতকাল সন্ধ্যায় ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর জানান, সরকার কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি। সে সঙ্গে আন্দোলন তুলে নেওয়ার আবেদনও জানিয়েছেন কৃষকদের কাছে। তোমর বলেন, সরকার আগামী ৩ ডিসেম্বর কৃষক সংগঠনগুলোকে আরেক দফা আলোচনার আহ্বান জানিয়েছে। কৃষকদের কাছে তিনি আবেদন করেন, কোভিড পরিস্থিতি এবং ঠান্ডার কথা ভেবে আন্দোলন তুলে নিন। কৃষি আইন বাতিলের দাবিতে পাঞ্জাব থেকে মিছিল করে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন কৃষকরা। বৃহস্পতিবার সারা দিন ধরেই হরিয়ানার পুলিশ বিভিন্নভাবে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় হরিয়ানা রাজ্য।