কোটালীপাড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি চেয়ার ছোড়াছুড়ি

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:৪৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষক লীগের সম্মেলনে ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে সম্মেলন শুরু হয়। কিছু সময় পরে পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে সম্মেলন দেওয়ার দাবি জানান। তার এই বক্তব্যের প্রতিবাদ জানান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম রিমো। এ সময় দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয় গ্রুপ শান্ত হয়।      এ ঘটনার পরে সম্মেলন সংক্ষিপ্ত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস হিরণ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে মো. ইউনুচ শেখ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ছাত্রলীগ যে ঘটনা ঘটিয়েছে তা অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে আমরা জরুরি সভা ডেকে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করব।