নাশকতা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৭টি মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কামারখন্দ থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে কামারখন্দ থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।
কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম জানান, আব্দুল্লাহ আল কায়েসের নামে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘ দিন সে আত্মগোপনে থাকায় হঠাত্ তার সন্ধান পেলে শুক্রবার ভোরে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়।
