ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের আদর্শপাড়া এলাকা থেকে মো. আজিজুল হক (৩৮) নামে ঢাকার এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাজী মঞ্জিল নামে একটি বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য জানাতে পারেনি। তবে তার সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তার নাম মো. আজিজুল হক, পিতা মো. আবুল কালাম আজাদ। রাজধানীর নিউ মার্কেট থানাধীন এ্যালিফ্যান্ট রোডে তার বাসা। এছাড়া তার পকেটে একটি পরিবহনের টিকিট পাওয়া গেছে। যাতে অনুমান করা হচ্ছে, তিনি গত রাতে ঢাকা থেকে রাজাপুরে এসেছেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাজী মঞ্জিলের ছাদ থেকে ভারী কিছু নিচে পড়ার শব্দ পাওয়া যায়। মৃত আজিজুলের পায়ের জুতা ঐ ভবনের ছাদে পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে জড়ো হওয়া এলাকাবাসী জানান, নিহত আজিজুলকে এর আগে কেউ কোনো দিন এই এলাকায় দেখেননি। স্থানীয়রা আরো জানান, ঐ ভবনের ছাদ সংলগ্ন একটি রুমে স্থানীয় একটি বিদ্যালয়ের একজন শিক্ষিকা ভাড়া থাকেন। ঘটনার পর থেকে ঐ শিক্ষিকাকে বাসায় পাওয়া যায়নি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
