চকরিয়ায় সৌদিয়ার বাসে ডাকাতি দুই যাত্রী গুলিবিদ্ধ

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:৫০

যাত্রীবেশে সৌদিয়া পরিবহনের একটি চলন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাতি করেছে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল। এ সময় ডাকাতের গুলিতে দুই জন গুলিবিদ্ধ এবং মারধরে আরো অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। অন্তত সাত জন ডাকাতিতে অংশ নিয়েছিল।

গুলিবিদ্ধ দুই জনকে মুমূর্ষু অবস্থায় প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিত্সার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ডাকাতের গুলিতে আহতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি গ্রামের এজাহার আহমদের পুত্র আব্দুল্লাহ আল মামুন (২৭)। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। হাতে গুলিবিদ্ধ হয়েছেন রাকিব উদ্দিন (৩০) নামের আরেক যাত্রী। মারধরে আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।

যাত্রীরা জানান, সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে ঐ বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, অন্তত ২০টি মোবাইল ও চার নারী যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার লুট করে। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী পাহাড়ি ঢালা থেকে শুরু করে চকরিয়ার সীমান্তবর্তী ইউনিয়ন খুটাখালীর ফুলছড়ি নতুন অফিস পর্যন্ত এই ডাকাতির ঘটনা সংঘটিত হয়। বাসটিতে ৩৭ জন যাত্রী ছিল।

চকরিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরেখোদা সিদ্দিকী জানান, কী পরিমাণ টাকা, মোবাইল, অলংকার খোয়া গেছে তা বিস্তারিত তদন্তের পর জানা যাবে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন জানান, বিস্তারিত জানতে বাসের তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসটিকে জব্দ করা হয়েছে।