আমতলী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:৫০

বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে পরিষদের ১২ সদস্যের আনা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। ঐ দিন পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমানসহ সাত জন ইউপি চেয়ারম্যান ও পরিষদের সংরক্ষিত তিন সদস্যের সাক্ষ্য গ্রহণও করেছেন তিনি।

জানা গেছে, গত বছর ৩১ মার্চ আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম সরোয়ার ফোরকান চেয়ারম্যান নির্বাচিত হন। অনাস্থা প্রস্তাব আনা সদস্যরা অভিযোগ করেন, শপথ নেওয়ার পর থেকেই তিনি উপজেলা পরিষদ পরিচালনায় বিভিন্ন ধরনের অনিয়ম করে আসছেন। নিজের ইচ্ছা মাফিক পরিষদ পরিচালনা, বেনামে প্রকল্পের টাকা আত্মসাত্, প্রকল্পের কমিশন গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন জাতীয় দিবসে অনুপস্থিতসহ ১০টি অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন সদস্যরা। গত ১৭ আগস্ট তত্কালীন ইউএনও মনিরা পারভীনের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ অনাস্থা প্রস্তাব দেন তারা। অনাস্থা প্রস্তাবের তিন মাস ৯ দিন পরে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হলো।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, তদন্তের কাজ চলছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।