মাগুরা ও কুমিল্লায় মটরসাইকেল দুর্ঘটনায় চার জন নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:৫০

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গতকাল দুপুরে মাগুরা এবং কুমিল্লায় পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় তারা নিহত হন।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা সদরের বড়খড়ি এলাকায় গতকাল শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন সদর উপজেলার জাগলা গ্রামের শাহাদত্ হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৯) ও ঘোড়ামারা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে তাহারুল ইসলাম (২৮)।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা ভায়া আড়পাড়া যশোর সড়কের মাগুরা সদর উপজেলার বড়খড়ি এলাকায় মাগুরামুখী একটি মোটরসাইকেল অপর একটি ইজিবাইককে অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে চালক ইমরান সামান্য সোহাগ ও তাহারুল ট্রাকচাপায় গুরুতর আহত হন। আহতদের চিকিত্সার জন্য দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে সোহাগ ও তাহারুল সেখানে মারা যায়।

এদিকে কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই মানবাধিকারকর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক আরোহী। গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন জেলার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হক সজল (২৮) ও বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)।