স্বস্তি ফিরছে সবজির বাজারে

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০০:১৬

অবশেষে স্বস্তি ফিরছে সবজির বাজারে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে সব ধরনের সবজির। কয়েক মাস পর সবজির দামের এই নিম্নমুখী প্রবণতায় হাফ ছেড়ে বেঁচেছে ভোক্তারা। সবজি ব্যবসায়ীরা জানান, করোনা মহামারি শুরু হওয়ার পর চলতি বছরের মার্চ-এপ্রিল পর্যন্ত অনেকটা নাগালের মধ্যেই ছিল সবজির দাম। কিন্তু এরপরই পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশে চার দফা বন্যায় ৩৫টি জেলার সবজিখেত ক্ষতিগ্রস্ত হয়। এরপরই হুহু করে বাড়তে থাকে এই পণ্যটির দাম। অবস্থা এমন দাঁড়ায় যে ৭০/৮০ টাকা কেজির নিচে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছিল না। সেই সবজি এখন দুই-একটি বাদে প্রতি কেজি ৫০ টাকার নিচে নেমে এসেছে। আবার কোনো কোনোটি ৩০ টাকাতেও পাওয়া যাচ্ছে।

গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগর, মহাখালী কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ও সবজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সবজির দামের এ তথ্য পাওয়া যায়। গতকাল বাজারে প্রতি কেজি শিম ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অথচ দুই সপ্তাহ আগেও প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ১২০ টাকায়। দাম কমেছে ফুলকপি, বাঁধাকপিরও। বড় আকারের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। আর আকারের ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে ২০ টাকার মধ্যে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে মুলা ২০ থেকে ৩০ টাকা, কাঁচা টম্যাটো ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স, পটল শালগম ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৪০ থেকে ৬০ টাকা, করল্লা ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আলু-গাজরের দাম এখনো কমেনি। গতকাল বাজারে প্রতি কেজি গাজর ৭০ থেকে ৮০ টাকা, পুরোনো আলু ৪০ টাকা ও নতুন আলু ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর আমদানিকৃত পাকা টম্যাটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। দেশীয় পাকা টম্যাটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

দাম কমেছে কাঁচামরিচ ও পেঁয়াজেরও। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর দেশি পুরোনো পেঁয়াজ মানভেদে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমে ৬৫ থেকে ৭৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নতুন পাতাযুক্ত পেঁয়াজ এক আঁটি (এক কেজি পরিমাণ) ৫০ টাকায় বিক্রি হচ্ছে।