গাজীপুরে ছয় ডাকাত ও দুই প্রতারক গ্রেফতার

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০০:১৮

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পৃথক অভিযানে অস্ত্রসহ ছয় ডাকাত এবং জাল টাকাসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গাজীপুর মহানগরীর বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে ঐ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের ডিসি মো. জাকির হাসান। এ সময় এডিসি রেজোয়ানুল ইসলাম ও বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো মহানগরের চান্দনা মধ্যপাড়া এলাকার হনিফ মিয়ার ছেলে আরিফ হোসেন, জয়পুরহাটের কালাই থানার আগলাপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে মো. সোহেল, নোয়াখালীর সোনাইমুড়ি থানার বিজয়নগর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে সুমন মিয়া, জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিজানুর রহমান, ময়মনসিংহের ত্রিশাল থানার বালিপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে মো. শহিদুল্লাহ ও কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে মো. শাহজালাল মিয়া এবং গ্রেফতারকৃত প্রতারকরা হলো কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুরুজ মিয়ার ছেলে মো. মাজহারুল ইসলাম একই জেলা ও থানার ছাতরা পাড়া এলাকার বিল্লাল হোসেনের মেয়ে শাপলা আক্তার।

ডিসি মো. জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মহানগরীর চান্দনা মধ্যপাড়ার টিনশেড একটি বাড়িতে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতিকালে বাসন থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ছয় জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুটি ছোরা, একটি লোহার রড, পাঁচ গজ রশি এবং ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার রাত ৪টার দিকে মহানগরীর চান্দনা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২ লাখ ৬৩ হাজার সমমানের জাল টাকা জব্দ করা হয়েছে। এ দুই ঘটনায় বাসন থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।