রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ ‘শিক্ষার্থীদের ওপর হামলা’ 

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০০:৫৩

রাজশাহী শাহ্ মখদুম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। বহিরাগত ক্যাডার ডেকে ওই শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কয়েকজনের হাত ভেঙেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে তারা কলেজ হোস্টেল থেকে তাঁদের শীতের কাপড় নিতে যান। প্রথমে তাঁদের ক্যাম্পাসে হোস্টেলে যেতে বাধা দেওয়া হয়। পরে তাদের হোস্টেলে ঢুকতে অনুমতি দেওয়া হয়। এসময় শিক্ষার্থীরা হোস্টেলে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর কলেজের শিক্ষক-কর্মচারী ও বহিরাগতরা অতর্কিত হামলা চালায়। হামলাকারী বহিরাগত ক্যাডারদের হাতে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ছিল বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান। কলেজ কর্তৃপক্ষ হামলাকারী বহিরাগত  ক্যাডারদের  ভাড়া করে শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

জানা যায়, সম্প্রতি রাজশাহী শাহ্ মখদুম মেডিকেল কলেজটি বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের মাইগ্রেশন করে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। 

প্রসঙ্গত, বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না থাকলেও শাহ্ মখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কয়েক দফায় ২২৫ শিক্ষার্থী ভর্তি করে। গত ২ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণলয়ের উপ-সচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। 

এর আগে গত ২৫ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইত্তেফাক/কেকে