সন্ত্রাসবাদী কাজে উস্কানি দেওয়ার অভিযোগে পাকিস্তানের এক ইমামকে ১৮ মাসের জেলের সাজা দেওয়ার পাশাপাশি দেশ থেকেও বহিষ্কার করলো ফ্রান্স। জেলের সাজা শেষ হলেই তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্যারিসের একটি আদালত।
জানা গেছে, ২০১৫ সালে পাকিস্তান থেকে ফ্রান্সে এসেছিল লুকমান হায়দার। গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের শার্লি এব্দো পত্রিকার পুরনো অফিসের সামনে সন্ত্রাসবাদী হামলার পর সোশ্যাল মিডিয়াতে তিনটি উসকানিমূলক ভিডিও পোস্ট করে সে। যে ভিডিওগুলিতে হামলাকারীর তুমুল প্রশংসা করে ওই ইমাম। ইমাম লেখেন, ওই বীর পুরুষকে পাকিস্তানের সবাই চিনে গিয়েছে। নবীর কাছ থেকে মর্যাদা ও সম্মান অর্জন করেছে। এর পাশাপাশি সন্ত্রাসবাদের সমর্থনে বেশ কিছু মন্তব্যও করে লুকমান।
ওই ভিডিওগুলির কথা প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেফতার করে মামলা শুরু করা হয় লুকমান হায়দার নামে ওই পাকিস্তানি নাগরিকের নামে।
গত ২৫ সেপ্টেম্বর পূর্ব প্যারিসে সাপ্তাহিক ব্যঙ্গ পত্রিকা ‘শার্লি এবদো’র পুরনো অফিসের কাছে ছুরি নিয়ে হামলা চালাল এক আততায়ী। ঐ হামলায় আহত হয়েছিলেন দু’জন।
ইত্তেফাক/এআর
