ফখরুলের পদত্যাগ করা উচিত : কাদের

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:৪৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেপরোয়া চালক হয়ে গেছেন। কখন যে তিনি কোন দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, গত দশ বছরে বিএনপির যে মহাসচিব দশ মিনিটের জন্যও আন্দোলন করতে পারেন নি, যার নেতৃত্বে জাতীয় নির্বাচনে দলটি দশটিরও কম আসন পায়, লজ্জা শরম থাকলে তাঁর আরো অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো অভূতপূর্ব ফলাফল ’৭৫ পরবর্তী সময়ে কেউ কখনো দেখেনি। এ বিজয়কে যারা প্রত্যাখ্যান করে জনগণের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। সেতুমন্ত্রী আরো বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তার দলের শোচনীয় পরাজয়ের জন্য পদত্যাগ না করে নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। নির্বাচনে কারচুপি হলে তিনি (ফখরুল) কিভাবে জয়লাভ করলেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামী ১৯ জানুয়ারির আওয়ামী লীগের বিজয় সমাবেশকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণ ও দলের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ প্রমুখ।