উচ্চ মাধ্যমিক:পদার্থবিজ্ঞান প্রথমপত্র

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৯:৪৮

মো. আবুল কালাম

সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ

গিয়াসউদ্দীন ইসলামিক মডেল কলেজ

নারায়ণগঞ্জ।

 

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

আশা করি, ভালো আছো, সুস্থ আছো। করোনা ভাইরাস বিশ্বজুড়ে লেখাপড়াকে স্থবির করে দিয়েছে। সময় কারোর জন্য বসে থাকে না। তাই আমরাও বসে থাকবো না, লেখাপড়া চালিয়ে যাবো নিয়মিত।

 

অধ্যায়: তরঙ্গ (Wave)

তরঙ্গ ফাংশন:কোয়ান্টাম বলবিদ্যায় কণাগুলোর ধর্ম বা আচরণ তরঙ্গের সাহায্যে প্রকাশ করা হয়। এ ধর্মগুলো তরঙ্গ ফ্যাংশন নামে পরিচিত।

তরঙ্গ:কোনো একটি স্থিতিস্থাপক মাধ্যমের বিভিন্ন কণার সমষ্টিগত কম্পনের ফলে মাধ্যমে যে আলোড়ন বা আন্দোলন সৃষ্ট হয় তাকে তরঙ্গ বলে। তরঙ্গ শক্তির বাহক হিসেবে কাজ করে।

মাধ্যমের জড়তা ও স্থিতিস্থাপকতা ধর্মই মাধ্যমে তরঙ্গবেগ নির্ধারিত করে।

যে সব মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি সে সব মাধ্যমে তরঙ্গ অধিক বেগে অগ্রসর হয়।

তরঙ্গের প্রকারভেদ:

তরঙ্গ সঞ্চালনে মাধ্যমের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে তরঙ্গকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়

১. যান্ত্রিক তরঙ্গ (Mechanical wave)

২. অযান্ত্রিক বা তড়িত্ চুম্বকীয় তরঙ্গ (Electromagnetic Wave)

যান্ত্রিক তরঙ্গ:যে তরঙ্গ সঞ্চালনের জন্যে মাধ্যমের প্রয়োজন হয়, তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। যান্ত্রিক তরঙ্গ মাধ্যমের কম্পনে সৃষ্টি হয়। পানি তরঙ্গ, শব্দ তরঙ্গ যান্ত্রিক তরঙ্গের উদাহরণ।

সব যান্ত্রিক তরঙ্গ প্রেরণের জন্যে ভৌত মাধ্যমের প্রয়োজন।

যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্যে জড় মাধ্যমের দুটি ধর্ম থাকা প্রয়োজন।

১. মাধ্যমের স্থিতিস্থাপকা  ২. মাধ্যমের জড়তা

এ দুটি ধর্মই সম্বলিতভাবে কোনো মাধ্যমের তরঙ্গবেগ নির্ধারণ করে।

স্থির পানিতে ঢিল ছুঁড়লে যে তরঙ্গের সৃষ্টি হয় তা যান্ত্রিক তরঙ্গ।

অযান্ত্রিক বা তড়িত্ চুম্বকীয় তরঙ্গ:যে তরঙ্গ সঞ্চালনের জন্যে মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে অযান্ত্রিক বা তড়িত্ চুম্বকীয় তরঙ্গ বলে। আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ অযান্ত্রিক বা তড়িত্ চুম্বকীয় তরঙ্গের উদাহরণ।

অযান্ত্রিক তরঙ্গ বা তড়িত্ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে ভৌত মাধ্যমের প্রয়োজন হয় না।

কণার কম্পন ও তরঙ্গের গতির উপর ভিত্তি করে তরঙ্গকে দু’ভাগে ভাগ করা হয়েছে।

১. অনুপ্রস্থ তরঙ্গ বা আড় তরঙ্গ বা তির্যক তরঙ্গ (Transverse Wave)

২. অণুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ বা দীঘল তরঙ্গ (Longitudinal Wave)

আড় তরঙ্গ:যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে আড় তরঙ্গ বলে।

পানি তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ ও পুকুরে ঢিল ছুঁড়লে যে তরঙ্গ সৃষ্টি হয় তা আড় তরঙ্গের উদাহরণ।