আগাম প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য মেয়র-কাউন্সিলর পদপ্রার্থীরা

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৩৮

জামালপুর পৌরসভা নির্বাচন

জামালপুর প্রতিনিধি

আগাম প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জামালপুর পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র-কাউন্সিলর পদপ্রার্থীরা। তপশিল ঘোষণার পূর্বেই তাদের পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন স্থান। এ পর্যন্ত আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী প্রায় ১৪ জন। বর্তমান মেয়র পদে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি। আবারও তিনি দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এছাড়া দলীয় মনোনয়ন চাইবেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. আমান উল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাঈম রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মনজুরুল ইসলাম লানজু, জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, জেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন শান্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জ্বল, জেলা শ্রমিক লীগের সভাপতি মসিউর রহমান বাবু, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহাবুব আলম চৌধুরী জীবন, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক তারিক মালিক সিজার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নুর হোসেন আবাহনীর নাম শোনা যাচ্ছে। অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রায় দেড় ডজন সম্ভাব্য প্রার্থী থাকলেও এখন পর্যন্ত বিএনপির একক প্রার্থী হিসেবে সাবেক দুই বারের মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নাম শোনা যাচ্ছে। জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেন খান। ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা) সম্ভাব্য প্রার্থী মুফতি মোস্তফা কামালের নাম শোনা যাচ্ছে।

ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে জনসংযোগে

ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জানান, নির্বাচন কমিশন প্রথম ধাপে যে কয়টি পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা করেছে দিনাজপুরের ফুলবাড়ী তার একটি। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে রয়েছেন বর্তমান মেয়র ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও খনি বিরোধী আন্দোলনের নেতা মুরতুজা সরকার মানিক। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১১ ও ২০১৫ সালের নির্বাচনে টানা দুই বারের জয়ী মেয়র। আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী যুবলীগের সভাপতি খাজা মঈন উদ্দিনকে। তাছাড়া, আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না হলেও বিএনপির প্রার্থী হিসেবে মাঠে আছেন ফুলবাড়ী পৌর শাখা বিএনপির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাহাদাত হোসেন সাহাজুল ইসলাম। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বেড়ে যাচ্ছে। কর্মী নিয়োগ থেকে শুরু করে নির্বাচনি অন্যান্য কার্যক্রম চলছে দিনেরাতে।