পীরগাছায় ৫০ টাকা কেজির মুলা এখন পাঁচ টাকা!

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৪০

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় ১৫ দিনের ব্যবধানে ৫০ টাকা কেজির মুলা এখন পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শনিবার উপজেলার কান্দি, পাওটানা, দেবী চৌধুরাণীসহ বিভিন্ন হাটবাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এসব বাজারে প্রতি কেজি মুলা পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা খুশি হলেও কৃষকরা হতাশ।  বিক্রেতারা বলছেন, ১৫ দিন আগেও ৫০ টাকা কেজি দরে মুলা বিক্রি হয়েছে। শীতকালীন সবজি হিসেবে মুলার চাহিদা থাকায় দামও বেশি ছিল। এখন বাজারে সব সবজির পাশাপাশি মুলার জোগানও বেড়েছে। ফলে মুলার দাম কমে পাঁচ টাকা কেজিতে নেমেছে। কৃষকরা বলছেন, শুরুতে দাম ভালো পেলেও হঠাত্ কমে যাওয়ায় ক্ষতির শঙ্কা রয়েছে। পাঁচ দফা বন্যার কারণে এমনিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত। তাই এবার সবজি উত্পাদনে খরচ আগের তুলনায় বেশি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান বলেন, বাজারে এখন সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। শুরুতে মুলা বাজারে আসায় দাম বেশি ছিল। তবে অন্যান্য সবজি চলে আসায় মুলার দাম কমেছে।