সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে শুক্রবার রাতে ইজিবাইক ছিনতাইয়ের সময় স্বামী-স্ত্রীসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। আটক ব্যক্তিরা হলেন, জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সাড়োভাসা গ্রামের মফিজার রহমান এবং বাহাগিলী ইউনিয়নের বগলাগাড়ী গুচ্ছগ্রামের লাজু হোসেন ও তার স্ত্রী রিনা আকতার। ইজিবাইক চালক খোরশেদ আলী বলেন, শুক্রবার রাত ৮টার দিকে ছিনতাইকারী চক্রটি রিনা আকতারকে সিজারের রোগী সাজিয়ে নীলফামারী শহরের চৌরাঙ্গী মোড় থেকে অচিনের ডাঙ্গা পর্যন্ত ৩০০ টাকায় ভাড়া নেয় ইজিবাইকটি। অচিনের ডাঙ্গায় পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা তার মুখ চেপে ধরে সড়কের পাশে নিয়ে বেঁধে ফেলার চেষ্টাকালে চিত্কার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
