বেতন বৈষম্য নিরসনের দাবি
ইত্তেফাক ডেস্ক
স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বানে পূর্বঘোষণা অনুযায়ী কর্মসূচি অব্যাহত রয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নাটোর :নাটোর সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন হেলথ এসিসট্যান্ট অ্যাসোসিয়েশন নাটোর শাখার সভাপতি শাহ আলম, সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
জয়পুরহাট :পাঁচ উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট জেলায় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক রয়েছেন ১৫০ জন। যারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা হেলথ এসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল মোস্তাহিদ জুয়েল ও সাধারণ সম্পাদক এম কে রুবেল।
টেকেরহাট (মাদারীপুর) :বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের রাজৈর উপজেলা শাখার সভাপতি বিজয় কৃষ্ণ ও সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা জানান, দাবি পূরণের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
কাউখালী (পিরোজপুর) :কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। এ সময় বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শহিদুজ্জামান. সদস্যসচিব আল-মামুন প্রমুখ।
এছাড়া সাতক্ষীরার তালা, নওগাঁর মান্দা, কুষ্টিয়ার দৌলতপুর ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাসহ সারা দেশেই এ কর্মবিরতি চলছে।
